নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর অটোস্ট্যান্ডে রাত ৯টার পর যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এতে প্রতিদিন কর্মস্থল থেকে বাড়ি ফেরা সাধারণ মানুষ, শ্রমজীবী ও নিম্নআয়ের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন।
স্থানীয় যাত্রীদের অভিযোগ, দিনের বেলায় নির্ধারিত ভাড়ায় যাতায়াত করা গেলেও রাত ৯টার পর একই গন্তব্যে যেতে জনপ্রতি অতিরিক্ত ১০ টাকা পর্যন্ত ভাড়া দাবি করছেন কিছু অটোরিকশাচালক। অতিরিক্ত ভাড়া দিতে অনাগ্রহ প্রকাশ করলে অনেক সময় যাত্রীদের গাড়িতে না নেওয়ার অভিযোগও রয়েছে।
কর্মজীবী কয়েকজন যাত্রী জানান, দিনের পর দিন কাজ শেষে রাতে বাড়ি ফেরার সময় অতিরিক্ত ভাড়া দিতে হচ্ছে। একদিকে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার বাড়তি খরচ, অন্যদিকে যাতায়াতে অতিরিক্ত ভাড়া—সব মিলিয়ে তাদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।
স্থানীয়দের দাবি, রাতের বেলায় গণপরিবহনের সংকটকে কাজে লাগিয়ে কিছু চালক ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন। বিষয়টি দীর্ঘদিন ধরে চললেও কার্যকর নজরদারি না থাকায় সমস্যার সমাধান হচ্ছে না বলে অভিযোগ তাদের।
এর আগে বন্দর এলাকার বিভিন্ন গণপরিবহন রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ সংবাদমাধ্যমে উঠে এসেছে।
ভুক্তভোগী যাত্রীরা মদনপুর অটোস্ট্যান্ডে ভাড়ার বিষয়ে নিয়মিত তদারকি, নির্ধারিত ভাড়া কার্যকর করা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তাদের মতে, রাতের বেলায় কর্মজীবী মানুষের যাতায়াতের সুযোগকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ হলে সাধারণ যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমবে।