সরকার ফ্যাসিবাদী স্টাইলে একদলীয় শাসন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে —-মুহাম্মদ হাফিজুর রহমান
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান বলেছেন, সরকার এক ফ্যাসিবাদী স্টাইলে একদলীয় শাসন চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। জেলা পরিষদ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সর্বত্র নির্বাচিত জনপ্রতিনিধির পরিবর্তে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। রাষ্ট্রের অটোনোমাস প্রতিষ্ঠানগুলোতে দলীয় পদধারী লোকদের নিয়োগ দিয়ে প্রশাসনসহ সর্বত্র একদলীয় শাসন কায়েমের চেষ্টায় রত বর্তমান সরকার। সরকারের এই আচরণ ফ্যাসিবাদী একদলীয় দুঃশাসনের ইঙ্গিত দেয়।
১লা আগস্ট (শনিবার) বিকেলে বন্দর উপজেলার মদনপুরে বন্দর ও সোনারগাঁও উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই গণহত্যাসহ ফ্যাসিবাদী আমলে সংঘটিত সব হত্যা, গুম, খুনের বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলার কর্মপরিষদ সদস্য ও সোনারগাঁ উত্তর শাখার আমির এডভোকেট দেওয়ান মোহাম্মদ খোরশেদ আলম এর সভাপতিত্বে এবং সোনারগাঁ উপজেলা জামায়াতের (উত্তর শাখার) সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসান এর সঞ্চালনায় পথসভা ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী নারায়ণগঞ্জ জেলার কর্ম পরিষদ সদস্য মুফতি জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁও উপজেলা দক্ষিণের আমির মো: মাহবুবুর রহমান, জামায়াত মনোনীত সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ড. আসগর আলী, বন্দর উপজেলা জামায়াতের আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকীসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান আরো বলেন, বর্তমান ক্ষমতাসীন মহল জনগণের কাছে ওয়াদা দিয়েছিল তারা ক্ষমতায় আসলে জুলাই সনদ বাস্তবায়ন করবে, গণভোটের রায় মেনে নিবে। কিন্তু ক্ষমতায় আসীন হওয়ার পর তারা জনগণের সাথে দেয়া ওয়াদা নিয়ে প্রতারণার আশ্রয় নিয়েছে। তারা গুম অধ্যাদেশ, স্বাধীন বিচারালয় সংক্রান্ত অধ্যাদেশ, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশসহ জনগণের কল্যাণে প্রণীত সবগুলো অধ্যাদেশকে প্রত্যাখ্যান করে পুরোনো রাজনৈতিক ধারায় দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
তিনি জনগণকে সরকারের এই সব গণবিরোধী কর্মকান্ড প্রতিহত করতে সোচ্চার ভুমিকা পালনের আহ্বান জানান।