বারদী ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমান
নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এর পক্ষ থেকে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ডা. আবুবকর সিদ্দিক রোমানকে মনোনীত করা হয়েছে। এতে নেতা-কর্মীদের মাঝে প্রানচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।
১৯ জুলাই (রবিবার) সোনারগাঁ উপজেলা উত্তর জামায়াতে ইসলামীর বারদী ইউনিয়ন শাখার অফিসে এক কর্মী বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ডা. আবুবকর সিদ্দিক রোমানের নাম ঘোষণা করেন।
বারদী ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ মজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে ডা. আবুবকর সিদ্দিক রোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা উত্তর জামায়াতের সেক্রেটারি ও জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ইব্রাহিম হাসান, বারদী ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি মাওলানা ইব্রাহিম মিয়া আদেল, সাবেক সেক্রেটারি কাজি নাজমুল ইসলাম, জামায়াত নেতা আব্দুল মতিন, মাওলানা আ: দাইয়ান, মাওলানা আ: মতিনসহ প্রমূখ নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান বলেন, ২৪ জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল জুলাই সনদ বাস্তবায়ন। কিন্তু তারা ক্ষমতায় আসার পর ৭০% জনরায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন করতে গড়িমসি করছে। এটা জনগণ মেনে নিবে না। আমরা জাতীয় সংস্কার সাধনের লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে সংসদে ও রাজপথে লড়াই চালিয়ে যাব। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী স্থানীয় সকল নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের সকলের প্রিয় ডা. আবুবকর সিদ্দিক রোমান কে সিলেক্ট করেছি।
স্থানীয় সরকার নির্বাচনে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমান বলেন, প্রিয় বারদীবাসী, আপনারা জানেন বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক এবং নির্বাচনমূখী একটা দল। তারই ধারাবাহিকতায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বারদী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করেছে। আমি বারদী ইউনিয়ন কে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও শিক্ষাবান্ধব বারদী হিসেবে গড়ে তুলতে চাই। আপনাদের সকলের সহযোগীতা, দোয়া ও সমর্থন কামনা করছি।