বিগত সরকার শিক্ষার নামে প্রহসন করেছে—মুস্তাফিজুর রহমান দিপু
নারায়ণগঞ্জ বার্তা ডেস্কঃ বিগত সরকার শিক্ষার নামে প্রহসন করেছে। ফলে গত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
বৃহস্পতিবার(২৫ জুন) সকালে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ইউনিয়নের কালাদী এলাকায় বাসন্তী বিন্দু শর্মিলা দোয়ারকা প্রসাদ স্কুল’-এর জমি দান, ভিত্তিপ্রস্তর স্থাপন ও খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি দিপু আরো বলেন, শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। দেশের প্রতিটি অঞ্চলে শিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বিগত সরকার শিক্ষার নামে প্রহসন করেছে। ফলে গত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমান সরকার সেই ক্ষতি কাটিয়ে একটি যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ের জমি দাতা সমাজসেবক বিজয় কুমার মোদী, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন,রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
বক্তারা বিদ্যালয়ের উন্নয়ন এবং শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষে নবনির্মিত খেলার মাঠের উদ্বোধন এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমের শুভসূচনা ঘোষণা করা হয়।