সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর কুরআন শিক্ষা প্রোগ্রামে দুর্বৃত্তের হামলা- ৫ নেতা-কর্মী আহত
সোনারগাঁ সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহীহ কুরআন শিক্ষা প্রোগ্রামে দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ নেতা-কর্মীসহ অনেকেই আহত হয়েছে বলে জানা গেছে।
২ মে (মঙ্গলবার) সোনারগাঁও উপজেলা উত্তর জামায়াতের নোয়াগাও ইউনিয়নের উদ্যোগে ভৌমিক পাড়া জামে মসজিদে সহীহ কুরআন শিক্ষা প্রোগ্রামের আয়োজন করা হয়। প্রোগ্রাম চলাকালীন সময়ে বহিরাগত কিছু দুর্বৃত্ত প্রোগ্রামে উপস্থিত মুসল্লিদের উপর অর্তকিত হামলা চালায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
হামলার বিষয়ে বলতে গিয়ে নোয়াগাও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মনির হোসাইন বলেন, আমরা মসজিদে সহীহ কুরআন শিক্ষা প্রোগ্রামের আয়োজন করি কিন্তু আমাদের সেই প্রোগ্রামে কিছু সন্ত্রাসী অর্তকিত হামলা চালায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমার ৫ জন নেতা-কর্মী আহত হয়েছে। আমরা প্রশাসন কে জানিয়েছি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দেয়ার জোর দাবি জানাই।
প্রোগ্রামে উপস্থিত জামায়াত কর্মী সোহেল বলেন, আমাকে মারধর করা হয়েছে এবং আমাকে প্রাণ নাশের হুমকি দিয়েছে। আমি বাদি হয়ে সোনারগাঁও থানায় একটি অভিযোগ করেছি। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। ভৌমিকপাড়ার বিএনপির কর্মী নাছির মোল্লা ও বিএনপি নেতা এসহাকের নেতৃত্বে শামীম মোল্লা ওরফে ইয়াবা শামীম, মোজাম্মেল মোল্লা, শফিকুল মোল্লা, ইসহাকের ছেলে রাকিব আমাদের উপর হামলা চালায়।
এ বিষয়ে জানতে নোয়াগাও ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এসহাকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জামায়াতের লোকজন আমাদের অনুমতি ছাড়া আমাদের মসজিদে দলীয় প্রোগ্রাম করছিল।তাই আমি গিয়ে তাদের প্রোগ্রাম করতে নিষেধ করি এবং এক পর্যায়ে তাদের সাথে কথা কাটাকাটি হয় কিন্তু মারধরের অভিযোগ মিথ্যা।