প্রতিটি বিচার কম সময়ের মধ্যে নিষ্পত্তি করতে পারলে মানুষের মনে আস্থা ফিরে আসবে— আবুল কাশেম বাবু
সোনারগাঁ সংবাদদাতাঃ একটি বিচার শেষ করতে অনেক সময় লেগে যাবার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারটি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। তখন আর বিচারের কাজ ঠিকভাবে আগাতে পারে না।
প্রতিটি বিচার কম সময়ের মধ্যে নিষ্পত্তি করতে পারলে মানুষের মনে আস্থা ফিরে আসবে বলে মন্তব্য করেছেন সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাশেম বাবু।
আজ ২৩ মে (শনিবার) তার ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে আরো বলেন, হায়রে রাজনীতি ! সব কিছু নিয়েই আমরা রাজনীতি করতে পছন্দ করি। একটি নিষ্পাপ শিশু রামিসার অনাকাঙ্ক্ষিত মৃত্যুর জন্য যখন সারা দেশের মানুষকে ক্ষোভ প্রকাশ করতে দেখে- তাৎক্ষণিক সরকার প্রধান বিষয়টির গুরুত্ব অনুধাবন করে নিজে চলে গিয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন – এবং অল্প সময়ের মধ্যেই অপরাধী ধরা পরেছে। তখন কেন রামিসার বাড়ির সামনে এত আন্দোলন ? এটা কি বিচার পাওয়ার জন্য নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে !
এরই মধ্যে জানতে পারলাম রামিসার অসহায় পরিবারটি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হলেন। তাহলে যারা রাস্তায় বিচারের দাবিতে আন্দোলন করছেন সেটা কার বিচারের জন্য ? এই আন্দোলনে রামিসার পরিবারের কি উপকার হচ্ছে?
সব কিছু আবেগ দিয়ে চলে না। দ্রুত বিচার করতে হলেও সামান্যতম সময় লাগবে। অপরাধীকে ধরে মেরে ফেলাতো কোনো বিচার প্রক্রিয়া হতে পারেনা।
আর এই প্রক্রিয়ায় যদি দ্রুত বিচার পাওয়া যায় তাহলে মনে রাখবেন- যে দেশের মানুষ নিজের সন্তানকে মেরে অন্যকে হত্যা মামলা দিয়ে ফাঁসানোর চিন্তা করে – সেই দেশে মেয়ের ইজ্জতের বিনিময়েও শত্রুকে ঘায়েল করা খুব সহজ কাজ হয়ে যাবে। প্রতিটি কাজেরই ভালো মন্দ দিক চিন্তা করে আইন তৈরি করতে হয়। দু এক জায়গায় আইন হাতে তুলে নিতেও দেখা যাচ্ছে। আচ্ছা, মনে করেন আপনার সাথে একজনের ঝগড়া হবার কারণে দূরত্ব তৈরি হয়েছে- সেই মানুষটা আপনার বিরুদ্ধে হঠাৎ করে ধর্ষণের অভিযোগ তুলে দিলো আর এলাকার সব মানুষ মিলে কোনো প্রকার প্রমাণ ছাড়াই আপনাকে হত্যা করলো বিষয়টি কি সঠিক হবে !!!
আমাদের দেশের দুর্ভাগ্য হচ্ছে একটি বিচার শেষ করতে অনেক সময় লেগে যাবার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারটি অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। তখন আর বিচারের কাজ ঠিকভাবে আগাতে পারে না।
আমি মনে করি এই বিষয়ে জোর দাবি তুলে আন্দোলন করা উচিত। যাতে ভুক্তভোগীরা দ্রুত সময়ের মধ্যে ন্যায় বিচার পেতে পারেন।
এই বিষয়ে দ্রুত নজর দেওয়া জরুরি ‼️। প্রতিটি বিচার কম সময়ের মধ্যে নিষ্পত্তি করতে পারলে মানুষের মনে আস্থা ফিরে আসবে।
তিন মাসের একটি নির্বাচিত সরকার। এখনো দেশের অর্থনীতি সহ সব সেক্টরে নিজের মতো করে নিয়ন্ত্রণে আনতে পারেনি। দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক। ঋণের জালে আটকে গেছে সকল উন্নয়ন প্রকল্প। দিনে দিনে মানুষের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে। এর মধ্যে সরকারকে সামান্যতম সময় না দিয়ে এখনই সব উল্টে দিতে চাওয়ার মধ্যে কতটুকু যুক্তি আছে তা আমার মতো সাধারণ মানুষের বোধগম্য নয়। রামিসার এই ঘটনার সাথে সরকারের কি সম্পর্ক রয়েছে ? এখানে পুলিশ যদি আসামি ধরতে গাফিলতি করতো তার জন্য আন্দোলন হলে সঠিক মনে হতো। সরকার পাঁচ বছরের জন্য হলেও জনগণের আস্থা অর্জন করতে ব্যর্থ হলে পরবর্তী নির্বাচনে জনগণই তাদের ভোটের মাধ্যমে তাড়িয়ে দিবে। এটুকু সিস্টেম আমাদের রক্ষা করে চলতে হবে। সরকারের ভুল নিয়ে অবশ্যই গঠনমূলক সমালোচনা হবে। রাজনীতি হোক দেশ ও জনগণের কল্যাণে।