চাঁদা দিতে না পারায় পিটিয়ে সিএনজি ড্রাইভার কে হত্যা – প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট ড. ইকবাল হোসাইনের
সোনারগাঁ সংবাদদাতাঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দড়িকান্দি সিএনজি স্টেশনে মাত্র ১০ টাকা চাঁদা না পেয়ে পিটিয়ে এক সিএনজি ড্রাইভার কে হত্যার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড থেকে বাংলাবাজার সড়কে চলাচলকারী সিএনজি ও অটোরিকশা থেকে ১০ টাকা করে চাঁদা আদায় করতেন লাইনম্যান মিলন। গত ১৬ মে (শনিবার) দড়িকান্দি সিএনজি স্ট্যান্ডে মুমিন তার সিএনজি নিয়ে গেলে তার কাছ থেকে ১০ টাকা চাঁদা দাবি করেন লাইনম্যান মিলন।টাকা আগেই পরিশোধ করা হয়েছে বলে মুমিন জানালে লাইনম্যান ক্ষিপ্ত হয়ে মনিরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে লাইনম্যান সিএনজি চালক মুমিনের মাথায় উপর্যুপরি আঘাত করে। এতে মুমিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চারদিন চিকিৎসাধীন থাকার পর আজ ২০মে (বুধবার) ভোর সাড়ে ৬টায় মুমিনের মৃত্যু হয়।
মুমিনের লাশ এলাকায় পৌঁছালে এলাকাবাসী লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে মহাসড়ক অবরোধ করে মুমিন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করে। বিক্ষোভকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা থেকে চট্টগ্রামগামী লেন পুরোপুরি বন্ধ করে দিলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়া তার ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে প্রতিবাদ জানিয়ে বলেন, সোনারগাঁয়ের সনমান্দী ইউনিয়নের নাজিরপুর গ্রামের অটোরিকশা ড্রাইভার মুমিন (৪০) চাঁদা দিতে অস্বীকার করার জেরে গুরুতর আহত, অবশেষে আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ শহীদি মৃত্যু দান করুন। এলাকা ফুঁসে উঠেছে চাঁদাবাজদের গ্রেফতার করার দাবিতে, রাস্তাঘাট বন্ধ, অবরোধ চলছে। চিহ্নিত চাঁদাবাজরা এলাকা ছেড়ে পালিয়েছে। প্রশাসন একটু নজর দিবেন প্লিজ!