সোনারগাঁয়ে জুলাই শহীদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁও সংবাদদাতা- নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ উপজেলার উদ্যোগে ‘জুলাই শহীদ স্মরণে’ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৮ই জুলাই (শনিবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী বারদী ইউনিয়ন শাখার অফিসে সোনারগাঁ উপজেলা জামায়াতের উদ্যোগে ‘জুলাই শহীদ স্মরণে’ আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। সোনারগাঁ উপজেলা উত্তর জামায়াতের সেক্রেটারি মাওলানা ইব্রাহিম হাসানের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট দেওয়ান মোহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সোনারগা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ডক্টর আসগর আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা ও সেক্রেটারি মাওলানা মনির হোসাইন, বারদী ইউনিয়ন জামায়াতের সভাপতি মজিবুর রহমান মোল্লা, নারায়ণগঞ্জ জেলা কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট গোলাম সারোয়ার সহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডক্টর আসগর আলী বলেন, বিগত 17 বছর যাবত প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যখন আওয়ামী ফ্যাসিবাদের কবলে পিষ্ট হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল। তখন বাংলাদেশের সাহসী -দামাল ছেলেরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল। রক্ত দিয়েছে, অঙ্গ হানি হয়েছে, জীবন দিয়েছে তার বিনিময়ে এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদে কে বিদায় করেছে। আজ আমরা সেই সকল শহীদ বীর জুলাইযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আহত ও পঙ্গুত্ববরণকারী সকল জুলাইযোদ্ধাদের আশু সুস্থতা কামনা করছি এবং শহীদ জুলাইযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোয়া করছি, আল্লাহ যেন এই শহীদ বীর গুলোকে কবুল করেন। আমাদেরকেও এই বীরদের মত সকল ফ্যাসিস্টদের বিরুদ্ধে নিজেদেরকে প্রস্তুত থাকতে হবে।
সভাপতির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট দেওয়ান মোহাম্মদ খোরশেদ আলম বলেন, আপনারা জানেন বাংলাদেশে একটা সময় গিয়েছে রাতে বাসায় ঘুমাতে পারিনি। হামলা মামলা পুলিশে হয়রানি নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। সেই জগদ্দল পাথরের মত চেপে বসা ফ্যাসিস্টদেরকে যারা বিদায় করেছে সেই সকল বীরদের উদ্দেশ্যে আজকের এই আলোচনা সভা। সভা থেকে আমাদের শিক্ষা নিতে হবে ভবিষ্যতেও যদি কোনদিন কোন ফ্যাসিস্ট প্রিয় বাংলাদেশে কায়েম হয় তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। এই বাংলাদেশকে রক্ষা করতে হবে।
জুলাই শহীদ স্মরণে আলোচনা সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আহত ও পঙ্গুত্ববরণকারী যোদ্ধাদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।