সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী জনাব আবু জাফর মোহাম্মদ আতাউল্লাহ শ্রী শ্রী নয়াপুর দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক খোঁজখবর নেন।
পূজা মণ্ডপ পরিদর্শনের সময় আবু জাফর মোহাম্মদ আতাউল্লাহ বলেন, “কোনো ধর্মই মানুষকে খারাপ শিক্ষা দেয় না। আমাদের সবার আগে ‘মানুষ’ হতে হবে এবং মানুষ হিসেবে বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়াতে হবে।” তিনি আরো বলেন, সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সবাই যেন শান্তিময় পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে ব্যাপারে জামায়াতে ইসলামী সব সময় পাশে থাকবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ডা. আব্দুল মান্নান এবং জামায়াতে ইসলামীর স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে মণ্ডপ পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা জামায়াত নেতৃবৃন্দের এই উদ্যোগকে স্বাগত জানান এবং সম্প্রীতি বজায় রাখার বিষয়ে তাদের এই বার্তা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন