জমি বিরোধের সংবাদে নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সাবেক ছাত্রদল নেতা শামীম হকের
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরের রায়েরটেক এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রকাশিত সংবাদে নিজের নাম জড়ানোর প্রতিবাদ জানিয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. শামীম হক। এ বিষয়ে ২৫ আগস্ট (মঙ্গলবার) কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে শামীম হক দাবি করেন, রায়েরটেক এলাকার হাজেরা বেগম ও মতিন খানের মধ্যে জায়গা-জমি নিয়ে বিরোধের ঘটনায় প্রকাশিত সংবাদে তাকে জড়িয়ে যে তথ্য ও বক্তব্য দেওয়া হয়েছে, তা মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ওই ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।
শামীম হক বলেন, “ওই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে এ ঘটনায় জড়ানো হয়েছে।”
তিনি আরও দাবি করেন, সামনে স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ সক্রিয় হয়ে উঠেছে। নির্বাচনের আগে তার ও তার পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তাকে জড়িয়ে বিভিন্ন ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান শামীম হক। একই সঙ্গে প্রশাসনের কাছে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ সময় কোনো বিষয়ে সংবাদ প্রকাশের আগে প্রকৃত ঘটনা যাচাই করে নেওয়ার জন্য সংশ্লিষ্ট সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান শামীম হক।